যাত্রাবাড়ীতে বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক ১
সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সোহাগ এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম (৫১) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাসটি রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়াল সড়কে পৌঁছানোর পর সেটিতে অভিযান চালানো হয়।
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালি সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় ডি-৯ আসনে বসা জাহিদুল ইসলামের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল, নগদ ৬০ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম প্রায় তিন লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।