জুলাই হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আবার ৪ দিনের রিমান্ডে

বাসা থেকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গাড়িতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীফাইল ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী–৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ রিমান্ড আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন।

আজ মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ১২ এপ্রিল বেলা দুইটার দিকে মাসুদ উদ্দিন চৌধুরী অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়। এরপর এ মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিকে ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে কিছু তথ্য গোপন রেখে বিচ্ছিন্ন তথ্য দিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এমতাবস্থায় আসামির দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করার জন্য রিমান্ড প্রয়োজন।

এদিকে আসামিপক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর–১০ নম্বরের ফলপট্টিতে ছাত্র–জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এতে দেলোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হন। পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় মামলাটি করা হয়।