রাজধানীর চার এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০২
রাজধানীর চারটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত যাত্রাবাড়ী, পল্টন, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় এসব অভিযান চালানো হয়।
আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রাবাড়ী থানার অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় ছয়জন, পুরোনো মামলায় তিনজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পল্টন মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ডিএমপি।
একই দিনে হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪৬টি ইয়াবা ও ১৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার এসব ব্যক্তিদেরও আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরোনো মামলায় দুজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ ছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।