ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রিয়াজ নামের এক কিশোর আহত হয়েছে। বুধবার রাতে চাঁদ উদ্যানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মোহাম্মদপুরের একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে বন্ধুর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরতে বের হয় রিয়াজ। অটোরিকশাটি চাঁদ উদ্যানের সামনে পৌঁছামাত্র চার-পাঁচ জন ছিনতাইকারী ছুরির মুখে তাদের গতিরোধ করে।
রিয়াজের বড় ভাই মো. মিরাজ সাংবাদিকদের বলেন, ছিনতাইকারীরা রিয়াজের মুঠোফোন ছিনিয়ে নিতে গেলে সে বাধা দেয়। এতে ছিনতাইকারীরা তাঁর পিঠে ছুরি মেরে পালিয়ে যায়।
একপর্যায়ে ছিনতাইকারীরা রিয়াজের মুঠোফোন ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তার পিঠে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্বজনেরা প্রথমে তাকে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।