বাসে ডাকাতি করে যাত্রীদের হাত-পা বেঁধে ফেলে রাখেন তাঁরা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার ডাকাত চক্রের ছয় সদস্য
ছবি: সংগৃহীত

বাসে ডাকাতি করে এমন একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ঢাকার সাভারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি বলছে, মধ্যরাতে এ চক্রের সদস্যরা একটি বাসের যাত্রীদের জিম্মি করে সব কেড়ে হাত ও পা বেঁধে বাসে ফেলে রেখেছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন উর রশীদ বলেন, ১২ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থেকে যাত্রাবাহী এক বাস গাজীপুর আসে। গাজীপুর থেকে বাসটি আসে সাভারের নবীনগরে। এরপরে নবীনগর থেকে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে গাড়ি থামিয়ে চালক, চালকের সহকারী ও সুপারভাইজার বাসের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ ওই ডাকাত চক্র বাসটির চালকসহ তিনজনের হাত ও পা বেঁধে বাসের পিছনে ফেলে রাখেন।

হারুন অর রশীদ বলেন, ওই ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন শান্ত নামে একজন। বাসটির নিয়ন্ত্রণে নেওয়ার পর শান্ত গাড়ি চালিয়ে গাবতলী থেকে আসাদগেট, নিউমার্কেট, আজিমপুর হয়ে যাত্রাবাড়ী আসে। পরে নারায়ণগঞ্জের কাঁচপুর হয়ে ডাকাত দলের সদস্যরা আবার বাস নিয়ে গাবতলী হয়ে সাভারে যায়। পথে কয়েক জন যাত্রী তুলে তাঁদেরও সব কেড়ে নিয়ে হাত ও পা বেঁধে বাসের ভেতর ফেলে রাখে। পরে সাভারের কবিরপুরে বাস ফেলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান।

গ্রেপ্তার ছয়জন হলেন, ফখরুল কবির (২৯), মনির হোসেন (৩০), ইমরান (২২), মুজাহিদ (২৮), রাজিব (২১) ও সানি (২৬)। তাঁদের নামে এর আগে একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার করার পর রাজধানীর দারুস সালাম থানায় মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

হারুন অর রশীদ বলেন, রাত ১২টার পর ঢাকা মহানগরের বাসে চড়ার আগে, বাসটি কোন রুটের, সেটি যাচাই করা উচিত। ঢাকা মহানগরের রুটের গাড়ি বাদে অন্য বাসে ওঠা থেকে বিরত থাকা উচিত।