শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পর পুলিশের হাতে আটক

মো. হারুনছবি: পুলিশের সৌজন্যে

একজন আরেকজনের হাত ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন দুদিন আগে। শপথ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনার দুই দিনের মাথায় তাঁকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. হারুন (৫০)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানা–পুলিশ সূত্র জানায়, দুই দিন আগে কেরানীগঞ্জের একটি আবাসন প্রকল্প এলাকায় জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে একে অন্যের হাত ধরে শপথ নেন তাঁরা। আরেকজন শপথ নেওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। মো. হারুন সেখানে ছিলেন। পরে ভিডিও দেখে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গত ১৭ মে ভোরে মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাগ্যকূল মিষ্টি ভান্ডারের সামনে হারুনসহ কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে বক্তব্য দিয়েছেন।

মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ‘হারুনের কোনো পদপদবি নেই। তবে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। দুদিন আগেই তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’