জাল টাকায় স্বর্ণালংকার কেনার চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকানে জাল টাকা দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে মো. রুবেল আহমেদ ফকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় রুবেলের কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।
ডিএমপি বলছে, গতকাল বনানী সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে ক্রেতা পরিচয়ে দুই ব্যক্তি প্রবেশ করেন। তাঁরা এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ দেখিয়ে পছন্দের গয়না বিল করে প্যাকেট করতে বলেন।
ডিএমপি আরও জানায়, একপর্যায়ে মূল্য পরিশোধের জন্য তাঁরা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে পরীক্ষা করে সেগুলো জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন রুবেলকে আটক করেন। অন্যজন পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রুবেল আহমেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
ডিএমপি বলছে, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।