সুন্দরবনে অস্ত্রসহ দস্যু ‘করিম শরীফ বাহিনী’র সদস্য আটক

বাংলাদেশ কোস্টগার্ড

সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। তিনি দস্যু ‘করিম শরীফ বাহিনী’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ওই ব্যক্তির নাম ওসমান গণি (৩৮)। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। কোস্টগার্ডের দাবি, ওসমান দীর্ঘদিন ধরে এই দস্যু বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, সুন্দরবনের কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্যরা শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে কোস্টগার্ড বেজ মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে দস্যু বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত ওসমান গণিকে আটক করা হয়।

পরে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬টি তাজা কার্তুজ ও ৫টি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।