কক্সবাজারের রিসোর্টের মালিক ঢাকায় আনতেন ইয়াবা
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক কারবারি চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ওই চক্রের হোতা কাজী জাফর ছাদেক ওরফে রাজু কক্সবাজার থেকে উড়োজাহাজে করে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন। তিনি কক্সবাজারের কলাতলীর মেরিন ইকো রিসোর্টের মালিক। গ্রেপ্তার তাঁর সহযোগীরা হলেন আরাফাত আবেদীন (৩৮), তাহরিম ইসলাম ওরফে রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬) ও সাদি রহমান (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোররাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও রামপুরা এলাকায় টানা অভিযান চালায়। অভিযানে প্রথমে বনানী এলাকা থেকে ১১২টি ইয়াবা বড়িসহ আহম্মেদ সাবাব ও সাদি রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে তাহরিমকে গুলশান থেকে ২০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।
এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কক্সবাজারভিত্তিক মাদক চক্রটির তথ্য পাওয়া যায়। সে তথ্য অনুযায়ী ক্যান্টনমেন্ট এলাকা থেকে আরাফাতকে আড়াই হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে আরাফাতের তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ মাদক কারবারি চক্রটির হোতা জাফর ছাদেককে (৩৮) আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক মো. মাসুদ হোসেন বুধবার রাতে প্রথম আলোকে বলেন, জাফর ছাদেক কক্সবাজার থেকে উড়োজাহাজে ইয়াবার চালান এনে ঢাকায় তাঁর সহযোগীদের দিয়ে যেতেন। তাঁর বিরুদ্ধে কক্সবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। জাফর ছাদেকের মাদক কারবারি চক্রে আর কারা আছেন, সে বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, গত জুনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো অভিযান চালিয়ে ৩৩ হাজার ৩০টি ইয়াবা বড়িসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে।