ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ফরিদপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনায় জড়িত থাকার অভিযোগে রাব্বি ইসলাম ওরফে এম জেড এইচ রাব্বিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে ঢাকার অদূরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির এলআইসি বিভাগের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বুধবার রাতে প্রথম আলোকে বলেন, রাব্বি ইসলাম তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁর প্ররোচনায় বিষপানে ওই ছাত্রীর মৃত্যু হয়। ধর্ষণে তাঁর আরও দুই সহযোগীর সম্পৃক্ততার কথা জানা গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ফরিদপুরের ভাঙা থানায় হওয়া মামলাটি তদন্ত করছে সিআইডি। গ্রেপ্তার রাব্বি ইসলামকে ফরিদপুর সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ফরিদপুরের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
সিআইডি সূত্র জানায়, ওই স্কুলছাত্রী ছিল রাব্বি ইসলামের মামাতো বোন। সে ফরিদপুরে একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। রাব্বি ইসলাম তাকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। পরে মা-বাবার মাধ্যমে তিনি স্কুলছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু মেয়ের বয়স কম জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন।
গত ২৩ আগস্ট রাব্বি ইসলাম তাঁর সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীর ঘরের কাছে ওত পেতে থাকেন। একপর্যায়ে সে ঘরের বাইরে এলে তাঁরা ছাত্রীকে মুখে চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। এ কথা কাউকে জানালে হত্যার হুমকি দেন রাব্বি ইসলাম। ওই ছাত্রী বাড়িতে এসে কীটনাশক পান করে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ আগস্ট তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রী জবানবন্দি দেয়।
গত ৩১ আগস্ট রাব্বি ইসলাম ও তাঁর সহযোগীদের আসামি করে ভাঙা থানায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন ছাত্রীর মা। পরে সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়ার নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।
যশোরে নারী খুনে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
এদিকে যশোরের কোতোয়ালি থানার রেল রোড এলাকায় রওশন আরা বেগম ওরফে রোশনি (৫৩) হত্যা মামলার প্রধান আসামি রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয়সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া এলাকা থেকে প্রধান আসামি মো. বুরহান (২০) ও ঢাকা সেনানিবাসের গ্যারিসন এলাকার একটি বাসা থেকে ২ নম্বর আসামি রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয়কে (১৯) গ্রেপ্তার করা হয়।
এরপর বুধবার যশোরে অভিযান চালিয়ে রিয়াজুলের বন্ধু নাহিদ হাসান (১৯) ও বুরহানের মা আসমা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পিবিআই। হত্যাকাণ্ডের আলামত গোপন করার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁদের। গ্রেপ্তার হওয়া চারজন বুধবার যশোরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বুধবার প্রথম আলোকে বলেন, রওশন আরা ছিলেন গ্রেপ্তার রিয়াজুলের খালা। রওশন দুই সন্তানের জননী। ২০ বছর আগে তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান মারা যান। কিছু দিন ধরে রওশন যশোরের রেল রোডের একটি বাসায় একা থাকছিলেন। তাঁর ছেলে যুক্তরাষ্ট্রে আছেন। মেয়ে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
পিবিআই সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রওশনকে হত্যার কথা স্বীকার করেছেন রিয়াজুল। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, খুনের কয়েক দিন আগে তিনি সহযোগী বুরহানকে নিয়ে রওশনকে খুন করে স্বর্ণালংকার ও টাকা লুটের পরিকল্পনা করেন। সে অনুযায়ী গত ২৯ আগস্ট সকালে তিনি বুরহানকে সঙ্গে নিয়ে রওশনের বাড়িতে যান। কথাবার্তার একপর্যায়ে চাকু দিয়ে রওশনের বুক, পেট ও গলায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন তিনি। এরপর লাশ কাঠের নিচে লুকিয়ে রওশনের ব্যবহৃত দুটি মুঠোফোন এবং আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান রিয়াজুল ও বুরহান। ঘটনার পর তাঁরা রওশনের আত্মীয়স্বজনের সঙ্গে মিলে চলাফেরা করতেন যাতে কেউ সন্দেহ করতে না পারেন।
পিবিআই কর্মকর্তা রেশমা শারমিন বলেন, সূত্রহীন এই মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখার তৎপরতা শুরু হলে রিয়াজুল ও বুরহান যশোর থেকে পালিয়ে আত্মীয়ের বাড়ি আত্মগোপন করেন। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত চাকু ও হত্যার সময় তাঁদের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়েছে।
এদিকে ২৯ আগস্ট বিকেলে রওশন আরাকে ফোন করে না পেয়ে তাঁর মা সেবিনা বেগম যশোরের রেল সড়কে (আশ্রম রোড) মেয়ের বাসায় যান। বাসার বাইরের দরজায় কলিং বেল চাপেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে বাসার সামনে যান (মূল ফটক খোলা ছিল)। গিয়ে দেখেন দরজায় তালা লাগানো। পরে রান্নাঘরের জানালার ফাঁকা দিয়ে দেখেন ঘরের আলমারি খোলা ও সবকিছু এলোমেলো।
এ অবস্থায় সেবিনা বেগম জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ফোন দেন। এরপর যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যশোর পিবিআইয়ের অপরাধ শনাক্তকরণ দল এসে তালা ভেঙে ঘরে ঢুকে রওশনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন সেবিনা বেগম।