রাজধানীর নিউমার্কেট এলাকার একটি ফ্ল্যাট থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

আত্মহত্যাপ্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা তিনটার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাটের শৌচাগার থেকে ঝরনার পাইপের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজার ছিটকিনি ভেঙে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। ঘরের দরজা খোলা ছিল, তবে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।

পুলিশ সূত্র জানায়, ফ্ল্যাটটি শরিফুল ইসলামের। তিনি বিজিবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী একজন চিকিৎসক। বিবি হালিমা প্রায় ছয় মাস ধরে তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল।

এ বিষয়ে শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর স্ত্রী কর্মস্থলে ছিলেন। তাঁর রানার (সহকারী) মো. সালাউদ্দিন বাজার নিয়ে প্রথম বাসায় ঢুকে শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে সালাউদ্দিন ফোন করলে তিনি বাসায় আসেন। শরিফুল ইসলামের দাবি, বাসায় এসে তিনিও শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, হালিমার বাড়ি কামরাঙ্গীরচরের ভান্ডারির মোচর এলাকায়। তার বাবা শাহ আলমও মারা গেছেন।