বুয়েট কর্মচারীর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

লাশ
প্রতীকী ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মসজিদের পেছন থেকে মো. শেখ ওলিউর রহমান (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের রংমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ বলছে, ওলিউরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, কিছুদিন ধরে ওলিউর শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই পরিবারের সদস্যরাও মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, ওলিউর রহমানের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে বুয়েটের কর্মচারী কোয়ার্টারে থাকতেন।