দেশে মাসে ২৯৪ খুন, ১০ মাসে হত্যা মামলা ২ হাজার ৯৩৮টি

খুলনায় নদীর চরে মরদেহ দেখে ভিড় করেন স্থানীয় লোকজন। ২ নভেম্বর দুপুরে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকায়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসায় গত বৃহস্পতিবার রাতে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় বিএনপির নেতা শেখ জাকির হোসেনকে। গত ২২ দিনে খুলনায় গুলিতে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন আরও ৬ জন। খুনের এমন ঘটনা শুধু খুলনায় নয়, সারা দেশেই ঘটছে। গত ১০ মাসে সারা দেশে খুনের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৯৩৮টি। প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি খুনের মামলা হয়েছে।

খুন ছাড়াও চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতে, সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। পুলিশ বলছে, গণ–অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

খুনের ঘটনা ও তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বেশির ভাগ হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক সহিংসতার কারণে অনেকগুলো খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের মামলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা হয়েছে ১ লাখ ৭০ হাজার ১০১টি। এর আগের বছর মোট মামলা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৬৭৩টি। খুনের মামলার বাইরে চলতি বছর ১০ মাসে ডাকাতির ৪১৭টি, দস্যুতার ১ হাজার ৫১৯টি ও অপহরণের ৮৬৭টি মামলা হয়েছে।

অনেক সময় একাধিক ঘটনায় একটি মামলা হয়। তাই মামলার সংখ্যা ও ঘটনার প্রকৃত সংখ্যা এক নয়।

আরও পড়ুন

পুলিশের ৮টি মহানগর ও ৯টি রেঞ্জের মামলার হিসাবে দেখা গেছে, গত ১০ মাসে সবচেয়ে বেশি ২১৮টি খুনের মামলা হয়েছে ঢাকা মহানগর এলাকায়। ৯টি রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি ৬৭৩টি খুনের মামলা হয়েছে ঢাকা রেঞ্জে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭১টি খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম রেঞ্জে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ড প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা, অপরাধীদের গোয়েন্দা নজরদারিতে রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার এবং নিয়মিত অভিযান পরিচালনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি হত্যাকাণ্ডে দ্রুত মামলা গ্রহণ, বৈজ্ঞানিক আলামত সংগ্রহ ও তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার নির্দেশনা রয়েছে।

কামারুম মুনিরা আরও বলেন, খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানে অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকায় ২১৮ খুন

রাজধানীর নিউমার্কেটে গত এপ্রিল মাসে প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়। ৯ নভেম্বর রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ১০ মাসে ঢাকায় ২১৮টি খুনের মামলা হয়েছে, যা আটটি মহানগর এলাকায় খুনের ঘটনায় হওয়া মামলার সংখ্যায় সর্বাধিক। সর্বশেষ অক্টোবর মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ১৯টি। আগের সেপ্টেম্বরে মামলা হয়েছে ৩১টি। ডিএমপির কর্মকর্তারা বলেন, ডিএমপির ৫০ থানা এলাকায় প্রতি মাসে ২০ থেকে ৩০টি খুনের ঘটনা ঘটে।

ঢাকার বাইরে আলোচিত খুন

গত ১০ মাসে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে খুলনার রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী মো. জাকির হোসেনকে। তাঁর জানাজায় অংশ নিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। সেখানে খুন, চাঁদাবাজি ও মাদকের কারবার চলছে। প্রতিবাদ করলেই মানুষকে হত্যা করা হচ্ছে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালানোর দাবি জানান।

গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় অন্তত ১৩টি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদার দাবিতে একটি ক্লিনিকে ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এসব ঘটনায় গুলিতে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন আরও ৬ জন। একই সময়ে ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে আরও তিনজনকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে ২২ দিনে খুলনায় ৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি খুলনা নগরে, তিনটি রূপসায় ও একটি ডুমুরিয়ায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৩৯টি ও জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩)। ঘটনাটি সারা দেশে আলোচনার জন্ম দেয়। ১৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে নেত্রকোনায় গুলি করে হত্যা করা হয় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪৪)। আলিফ সীমান্তের চোরাচালান, মাদক ও অস্ত্রের কারবার এবং স্থানীয় অন্যায়-অনিয়ম নিয়ে লিখতেন। এসব বিষয়ে ছবি ও ভিডিও প্রকাশ করতেন। এ কারণে তাঁকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া রংপুরে একই পরিবারের চারজন, গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন এবং লক্ষ্মীপুরে এক মা ও তাঁর তিন মেয়েকে হত্যার ঘটনাও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন