‘সরকার উৎখাতের পরিকল্পনার’ অভিযোগে গ্রেপ্তার আটজন চার দিনের রিমান্ডে
নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’র অভিযোগে রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের চার দিন করে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩৩), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আব্দুর রহমান (৪০), মো. সিফাত (২৩), মো. মাহাফুজার রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।
মামলার এজাহার অনুযায়ী, ১২ সেপ্টেম্বর রাতে উত্তরখান থানার পুরানপাড়ার একটি অটো গ্যারেজের ভেতরে সমবেত হয়ে সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জন পালিয়ে যান। এ ঘটনায় উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।