সবাই জানে লবণ ব্যবসায়ী, ঘুরে ঘুরে বিক্রি করেন ইয়াবা
তিন হাজার ইয়াবাসহ মো. ফয়েজ আলম (৩৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, ফয়েজের বাড়ি সাভারে। তিনি এলাকায় লবণ ব্যবসায়ী হিসেবে পরিচিত। কিন্তু এই ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করেন তিনি। ছদ্মবেশে যাত্রীছাউনি কিংবা গাড়িতে ঘুরে ঘুরে কৌশলে ইয়াবা বিক্রি করতেন ফয়েজ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ফয়েজ ইয়াবাসহ টেকনিক্যাল এলাকার যাত্রীছাউনিতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যমতে সাভারের বাসা থেকে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার থেকে এনে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতেন।