চোরাই মোটরসাইকেল বিক্রেতা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়া ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বি ও মো. লিটন ফকির ওরফে আবদুল লতিফ।
ডিবি বলছে, চক্রের সদস্যরা ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও নড়াইল এলাকা থেকে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতেন। পরে সেগুলো ফরিদপুরের ভাঙ্গা ও শহরের বাইপাস এলাকায় রেখে বিক্রি করতেন।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় চোরাই মোটরসাকেল বিক্রির জন্য অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা থানার বটতলা এলাকা থেকে লিটনকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মামলা করা হয়েছে।