এইচএসসি পাস করে ঢাকায় এসেছিলেন অটোরিকশা চালাতে, লাশ পাওয়া গেল তাঁর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছিলেন সিজার হোসেন (১৯)। অভাবের সংসার তাঁদের। বাবা রবিউল ইসলাম ঢাকায় অটোরিকশা চালান। তাই আপাতত পড়াশোনায় ইতি টেনে ঢাকায় এসেছিলেন বাবার সঙ্গে অটোরিকশা চালাতে।
কামরাঙ্গীরচরে বাবার সঙ্গে থেকে তিন মাস ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছিলেন তিনি। গতকাল রাতেও সেই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তবে সকালে আর বাসায় ফেরা হয়নি এই তরুণের। আজ রোববার ভোরে রাজধানীর কদমতলী থানার জুরাইন শ্যামপুর আবাসিক এলাকার রাস্তা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মহর আলী বলেছেন, সিজারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাঁকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত সিজার হোসেনের বাবা রবিউল ইসলাম জানান, গত রাত সাড়ে ১২টার দিকে ছেলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছিল। সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেলের মর্গে এসে ছেলের মৃতদেহ দেখতে পান। তিনি বলেন, দুবৃর্ত্তরা ছেলেকে হত্যা করে তাঁর কাছে থাকা মুঠোফোন ও অটোরিকশাটি নিয়ে গেছে।
সিজারের গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সিজার শিবগঞ্জ মনাকসা আদিনি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন।
রবিউল ইসলাম বলেন, টাকার অভাবে ছেলে আর পড়াশোনা করতে পারল না। টাকা রোজগার করতে এসে এখন লাশ হলো।