নিখোঁজের ৫ মাস পর যুবকের পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে চক্রের মূল হোতা তারেক আহাম্মেদ ও তাঁর সহযোগী মোহাম্মদ হৃদয় আলীকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আনা হয়
ছবি: ডিএমপি

রাজধানীর আশকোনা থেকে অপহরণের প্রায় পাঁচ মাস পর পলিথিনে মোড়ানো অবস্থায় আমির হোসেন (২৫) নামের এক যুবককের গলিত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরের একটি বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. তারেক আহাম্মেদ (৩১), মোহাম্মদ হৃদয় আলী (২৯), আশরাফুল ইসলাম (২৩), রাসেল সরদার (২৫) ও তৌহিদুল ইসলাম ওরফে বাবু (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আজ আসামিদের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিন মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, গত বছরের ১৭ ডিসেম্বর আমির হোসেন নোয়াখালীর বেগমগঞ্জের বাড়ি থেকে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে ঢাকায় আসে। ২২ ডিসেম্বর আশকোনা মেডিকেল রোডে তাঁর বোন নুরনাহার বেগমের (৩৪) বাসায় যান। তখন তিনি তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। তাই সেই রাত আমির বোনের প্রতিবেশীর বাসায় থাকেন। পরদিন সকালে তাঁর পরিবার ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৮ ডিসেম্বর আমির হোসেনের মুঠোফোন থেকে তাঁর আরেক বোন কামরুন্নাহারকে (২২) ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমিরের মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে ওই দিন আমিরের ভাই বিল্লাল (৪০) দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উপকমিশনার মোর্শেদ আলম জানান, চলতি বছরের ১৩ এপ্রিল বিল্লাল অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন আসামি আশরাফুল ইসলামকে সাভারের জিরাবো এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি রাসেল সরদার ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অপহরণ চক্রের মূল হোতা তারেক আহাম্মেদ ও তাঁর সহযোগী মোহাম্মদ হৃদয় আলীকে চিহ্নিত করা হয়। গতকাল বুধবার দক্ষিণখান থানার বিশেষ দল নোয়াখালীর হাতিয়া দ্বীপে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গাজীপুরের শ্রীপুর থানা এলাকার একটি বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো আমিরের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করা হয়। তাঁর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।

জিজ্ঞাসাবাদে তারেকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, আসামি তারেকের ‘কষ্টের জীবন’ নামের একটি ফেসবুক আইডি রয়েছে। এর মাধ্যমে তিনি কৌশলে নানাজনকে গাজীপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনায় ডেকে নিয়ে মুঠোফোন, টাকাপয়সা ছিনিয়ে নিয়ে ভয় দেখিয়ে ছেড়ে দিতেন। আমিরও তারেকের খপ্পরে পড়েছিলেন। তাঁকে ২৩ ডিসেম্বর গাজীপুর চৌরাস্তায় নিয়ে যাওয়া হয়। এরপর আসামিরা তাঁকে আটকে রেখে তাঁর বোনের কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পাওয়ায় গত বছরের ২৯ ডিসেম্বর আমিরকে হত্যা করা হয়।