নারীকে ইয়াবা-অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার ১: র্যাব
তিন লাখ টাকার বিনিময়ে এক নারী ও তাঁর সন্তানকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে এক ব্যক্তি নিজেই ফেঁসে গেছেন।
গতকাল বুধবার রাতে নগরের কাপ্তাই রাস্তা থেকে আবুল হোসেন (৩৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ছয়টি মামলা রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁও থানা এলাকায় এক নারীর বসতঘরে ইয়াবা ও অস্ত্র আছে বলে তথ্য দেন আবুল হোসেন। পরে তাঁকে সঙ্গে নিয়ে ওই নারীর বাসায় অভিযান চালায় র্যাব। সেখানে শপিং ব্যাগের ভেতর থেকে ১টি ওয়ান শ্যুটারগান, ১টি পাইপগান, ১টি কার্তুজ এবং ২ হাজার ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবসার আরও বলেন, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার অস্ত্র, গুলি ও ইয়াবার বিষয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি এসবের কিছু জানেন না বলে জানান। এলাকাবাসীও ওই নারী ভালো বলে জানান।
র্যাব এ ব্যাপারে আবুল হোসেনকে আবার জিজ্ঞাসাবাদ করে। র্যাব জানায়, আবুল হোসেন বলেছেন, ওই নারীর সঙ্গে তাঁর স্বামী ও দ্বিতীয় স্ত্রীর সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। ওই নারীর স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী পরিকল্পনা করে তিন লাখ টাকার চুক্তিতে আবুল হোসেনকে কাজে লাগান। এরপর আবুল হোসেন ওই নারীকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসান।
এ ঘটনায় মামলা হয়েছে। ওই নারীর স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চলছে।