‘কোর্স শেষ করলেই চাকরি’, বিশ্বাস করে টাকা খোয়ালেন তাঁরা
‘সাইবার সিকিউরিটির ওপর এমন একটি কোর্স নিয়ে এসেছি, যেখানে শতভাগ চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। কোর্স শেষ করলে আমরাই চাকরি দেব আপনাদের। চাইলে আমাদের সঙ্গে পুরো সময় কাজ করতে পারবেন। অথবা খণ্ডকালীন কাজ করে বাকি সময় স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারবেন।’
এভাবেই অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে আইটি প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী সংগ্রহ করতেন ফজলে রাব্বি খান। তাঁর প্রতিষ্ঠানের নাম টেক ডিফেন্ডার হাব। সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, অ্যাডভান্স পাইথনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি কোর্স শেষে চাকরির প্রতিশ্রুতিও দিতেন তিনি।
কোর্সগুলোর মেয়াদ ছয় মাস, হতো অনলাইনে। প্রতিষ্ঠানটির একটি কার্যালয় বনানীতে থাকার কথাও প্রচার করতেন। তবে প্রতারিত অনেকে পরে চেষ্টা করেও ওই কার্যালয়ের হদিস পাননি। কোর্স শেষে চাকরির কথা বললেও সেটাও দেননি ফজলে রাব্বি। উল্টো বিদেশি প্রকল্পে কাজের সুযোগ এবং বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আরও টাকা নেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ফজলে রাব্বির টেক ডিফেন্ডার হাব প্রশিক্ষণ কোর্সের ফি ও বিনিয়োগের নামে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। শিক্ষার্থী ছাড়াও চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকেও বিদেশি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়ে টাকা নেওয়া হয়।
টেক ডিফেন্ডার হাবে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নেওয়া ২০ জনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের দেওয়া টাকা লেনদেনের প্রমাণ এবং মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কথোপকথন পর্যালোচনা করে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীদের কেউ দিয়েছেন ২০ হাজার টাকা, কেউ কয়েক লাখ টাকা। একজনের কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়ার প্রমাণও দেখেছে প্রথম আলো।
প্রশিক্ষণের পর বিদেশি প্রকল্পের প্রলোভন
নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, টেক ডিফেন্ডার হাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে শুরুতে কোর্স ফি হিসেবে ১৪ হাজার টাকা করে নেওয়া হতো। কোর্স শেষে চাকরি না পেয়ে যোগাযোগ করলে প্রথমে বিদেশি প্রকল্পে কাজের সুযোগের লোভ দেখাতেন ফজলে রাব্বি। প্রকল্পে যুক্ত হতে নিরাপত্তা জামানত বা বিনিয়োগের নামে টাকা চাইতেন। প্রতিশ্রুতি দিতেন, প্রকল্প শেষে বিনিয়োগের কয়েক গুণ টাকা ফেরত দেওয়া হবে।
এমন প্রতিশ্রুতিতে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন মাদারীপুরের মেহেদী হাসান। উচ্চমাধ্যমিক পাসের পর আর পড়াশোনা করেননি তিনি। রাজধানীর যাত্রাবাড়ীর একটি কারখানায় কাজ করেন। কম্পিউটার চালানোর প্রাথমিক দক্ষতা থাকায় অনলাইনে বিজ্ঞাপন দেখে ভালো চাকরি ও বাড়তি দক্ষতা অর্জনের আশায় টেক ডিফেন্ডার হাবে ইথিক্যাল হ্যাকিং বিষয়ে প্রশিক্ষণ নিতে ভর্তি হন।
মেহেদী হাসান ১৬ নভেম্বর প্রথম আলোকে বলেন, ‘১৪ হাজার টাকায় ভর্তির পর ৯ মাস পরে কোর্স সম্পন্ন করি। কিন্তু তেমন কোনো যোগ্যতা হয়নি। কোথাও চাকরিও হয়নি। পরে ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করলে বিদেশ থেকে একটি প্রকল্প এসেছে বলে জানান। ওই প্রকল্পে কাজ করে আয়ের সুযোগ আছে এমন আশ্বাস দিয়ে এর জন্য নিরাপত্তা জামানত হিসেবে ২০ হাজার টাকা দাবি করেন ফজলে রাব্বি। আশ্বাস দেওয়া হয় যে প্রকল্প শেষে ওই টাকার ১০ গুণ ফেরত দেওয়া হবে।’ মেহেদী জানান, এ প্রলোভনে গত বছরের শেষের দিকে প্রথমে ২০ হাজার টাকা দেন তিনি। পরে বিভিন্ন সময়ে আরও টাকা দেন। সব মিলিয়ে ফজলে রাব্বিকে ১ লাখ ২০ হাজার টাকা দেন।
মেহেদী বলেন, ‘আমি স্বল্প বেতনে কাজ করে পরিবার চালাই। একটু বেশি উপার্জনের আশায় প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েছিলাম। পরে সঞ্চয়ের সব টাকা কথিত প্রকল্পে বিনিয়োগ করেছিলাম। কিন্তু প্রকল্পে চাকরি হয়নি, মুনাফাও পাইনি। টাকা ফেরত চাইলে ফজলে রাব্বি নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে আমার ফোন নম্বর ব্লক করে দেন ফজলে রাব্বি। পরে বুঝতে পারি, আমি প্রতারকের খপ্পরে পড়েছি।’
মেহেদী টেক ডিফেন্ডার হাবের ৬২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর দাবি, ওই ব্যাচের ২৭ জন শিক্ষার্থী ফজলে রাব্বিকে বিভিন্ন অঙ্কের টাকা দিয়েছেন। কিন্তু তাঁরা প্রতিশ্রুত সুবিধা পাননি। কোর্স করেও তেমন দক্ষতা অর্জন করতে পারেননি। প্রশিক্ষণ শেষে সনদ দেওয়ার কথা ছিল, শিক্ষার্থীরা সেই সনদও পাননি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফজলে রাব্বিকে আটকের পর মেহেদী ও বিভিন্ন ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মিলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।
টাকা খুইয়েছেন চাকরিজীবীরাও
টেক ডিফেন্ডার হাবে প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে প্রতারণার শিকার হয়েছেন অনেক চাকরিজীবী ও ব্যবসায়ী। তাঁদের একজন আল ইমরান পেশায় ব্যাংকার। তিনি টেক ডিফেন্ডার হাবের ৬৭তম ব্যাচে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি ফজলে রাব্বিকে মোট ৫৫ হাজার টাকা দেন।
আল ইমরান প্রথম আলোকে বলেন, ‘প্রথমে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোর্সে যুক্ত হই। পরে ফজলে রাব্বি নানা প্রতিশ্রুতির মাধ্যমে ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন। বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। কিন্তু এখন তাঁকে ফোনে পাচ্ছি না।’
আরেকজন চাকরিজীবী সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে নাম প্রকাশ করতে চাননি। তাঁর লেনদেনের তথ্যপ্রমাণ দেখে জানা যায়, ওই চাকরিজীবীর কাছ থেকে ফজলে রাব্বি ২০ লাখ টাকা নিয়েছেন। টাকাগুলো গত মে ও জুন মাসে টেক ডিফেন্ডার হাবের অ্যাকাউন্টে জমা দেন তিনি।
ওই ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, শুরুতে প্রতারণার বিষয়টি তিনি বুঝতে পারেননি। মুনাফার টাকা চাইলে ঘোরাতে থাকেন ফজলে রাব্বি। গত অক্টোবরে ফজলে রাব্বি এসআরবির হাতে আটক হওয়ার পর প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। তখন তিনি অন্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাও টাকা দিয়ে প্রতারিত হওয়ার কথা জানান। এরপর মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
‘লেনদেনের হিসাব আছে’
গত ৮ অক্টোবর নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ফজলে রাব্বিকে আটক করেছিল এসআরবি। তাঁর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের তথ্য, মুঠোফোনের অবস্থান, কললিস্টসহ ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ ছিল। পরে তাঁকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়।
১৫ নভেম্বর এসআরবি-২–এর উপপরিচালক (মিডিয়া) এম মুবিন রহমান প্রথম আলোকে বলেন, আটক করার পর ফজলে রাব্বিকে কদমতলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর তাঁর বিষয়ে আর কোনো তথ্য তাঁদের কাছে নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ অক্টোবর জামিনে মুক্তি পেয়েছেন ফজলে রাব্বি। এরপর আবারও টেক ডিফেন্ডার হাবের মাধ্যমে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী ভর্তি শুরু করেছেন।
ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, একটি চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোর্সে অংশ নেওয়া ব্যক্তি ও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকারীদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেন তিনি। কয়েকটি অর্থ লেনদেনের প্রমাণ পাঠিয়ে তা সঠিক কি না, জানতে চাইলে ফজলে রাব্বি বলেন, লেনদেনের তথ্য সঠিক। তিনি টাকা নিয়েছেন। তবে যত টাকা নিয়েছেন, সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সব টাকা দ্রুত ফেরত দেবেন।
এভাবে মানুষের কাছ থেকে কত টাকা নিয়েছেন জানতে চাইলে নির্দিষ্ট কোনো অঙ্ক জানাতে চাননি ফজলে রাব্বি। তিনি বলেন, সব টাকা বৈধ প্রতিষ্ঠানের কাজে নেওয়া হয়েছে। বৈধ নিয়ম মেনেই নেওয়া হয়েছে। লেনদেনের হিসাবও আছে। বিদেশ থেকে প্রকল্প আনার দাবি সম্পর্কে জানতে চাইলে প্রকল্পের নাম বা এ-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণ দেখাতে পারেননি ফজলে রাব্বি।
তদন্তের দায়িত্বে ডিবি
ভুক্তভোগীদের পক্ষ থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ডিবির উপপুলিশ কমিশনার মো. তরিকুল ইসলাম ১৬ নভেম্বর প্রথম আলোকে বলেন, ভুক্তভোগীর সংখ্যা, আর্থিক ক্ষতির পরিমাণ এবং ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য অনুসন্ধান করা হবে। পাশাপাশি অনলাইনে যোগাযোগ, চাকরির প্রতিশ্রুতি ও বিদেশি প্রকল্পের নামে বিনিয়োগের প্রস্তাবের সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হবে।
ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, টাকা লেনদেনের রসিদ, লেনদেনের পরিচিতি নম্বর, ব্যাংক হিসাবের বিবরণী এবং অনলাইনে কথোপকথনের প্রমাণ সংরক্ষণ করতে হবে। নতুন করে কেউ যেন অভিযুক্ত ব্যক্তিকে টাকা না দেন, সে পরামর্শও দেন তিনি।