কিশোর গ্যাং দ্বন্দ্ব: মোহাম্মদপুরে ‘এলেক্স গ্রুপ’–এর হোতাকে কুপিয়ে জখম, আটক ৩

তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। ১২ এপ্রিলছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুরে আজ রোববার দুপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ‘এলেক্স গ্রুপ’–এর মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে। আহত ইমনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হামলার ঘটনায় এসব ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। ১২ এপ্রিল
ছবি: পুলিশের সৌজন্যে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, হামলায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন সময় এলাকায় একাধিক গ্যাং গড়ে উঠেছে, যারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগই কিশোর বা তরুণ, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করে এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।