ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও অর্থ আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

এক নারীকে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ফাঁদে ফেলার (ব্ল্যাকমেল) অভিযোগে গ্রেপ্তার আসিফ মাহমুদ ওরফে প্রিন্সছবি: সিআইডির সৌজন্যে

ফেসবুকে ভুয়া আইডি খুলে এক নারীকে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ফাঁদে ফেলার (ব্ল্যাকমেল) অভিযোগে আসিফ মাহমুদ ওরফে প্রিন্স (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকার অদূরে সাভারের ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রতারণা ও ব্ল্যাকমেলিংয়ের কাজে ব্যবহৃত আলামত ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামের বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীকে নক দিয়ে তাঁর ও তাঁর স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অব্যাহত হুমকিতে মান-সম্মান ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তকালীন প্রাপ্ত তথ্যপ্রযুক্তির সহায়তার বিশ্লেষণ করে আল আসিফ মাহমুদকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ব্ল্যাকমেলিংয়ের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ মাহমুদ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সুকৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়া এবং পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আসিফ মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর আশুলিয়া থানায় করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। সিআইডি ও বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধের পাশাপাশি কোনো ধরনের ডিভাইস বা সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফি বা একান্ত ব্যক্তিগত ছবি/ভিডিও সংরক্ষণ বা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।