ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আদেশ
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে নতুন আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য রেখেছিলেন। আজ তাঁকে ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত দেখিয়ে এ আদেশ দেওয়া হয়।
মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরে করা আটটি মামলা এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হওয়ার সুযোগ পাচ্ছিলেন, তখনই তাঁর মুক্তি ঠেকাতে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফলে তাঁর মুক্তি আটকে গেল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল পাঁচটার দিকে আন্দোলনের সময় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তাঁর শ্যালক আবদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।