ঢাকার মোহাম্মদপুরে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার: পুলিশ

ঢাকা মহানগর পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ। তাঁর কাছ থেকে হেরোইন জব্দ করা হয়েছেছবি: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ (৪৭)। তিনি একজন মাদক কারবারি। তাঁর কাছ থেকে ২০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে, যার দাম ২০ লাখ টাকার বেশি।

ডিএমপি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল। এই অভিযানে হেরোইনসহ খোরশেদ ধরা পড়েন। আর তাঁর কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ বলেছেন, তিনিসহ অন্যরা মাদকদ্রব্য সংগ্রহ করে তা রাজধানীতে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানায় ডিএমপি। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।