বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ
মাসে বেতন পেতেন ১৩ হাজার টাকা। এতেই চলত বাবা-মায়ের সংসার। সেই পোশাকশ্রমিক নূপুর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এক তরুণের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁর চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা।
রাজধানীর মিরপুরের রূপনগরে গত বুধবার প্রকাশ্য সড়কে নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ার জেরে রায়হান মিয়া (২০) নামের এক তরুণ তাঁকে হত্যার চেষ্টা করেন।
আজ শনিবার বিকেলে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেন নূপুরের স্বজনেরা। তাঁরা জানান, নূপুরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে তাঁকে। পরিবারের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানান তাঁরা।
মেরুদণ্ডে আঘাত, পড়ে গেছে তিনটি দাঁত
নূপুরের মামাতো ভাই সিফাত হাসান রাকিব বলেন, হামলাকারী নূপুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তাঁর মেরুদণ্ডের একটি হাড় কেটে গেছে। বুকের হাড় ভেঙেছে। বাঁ হাতে মারাত্মক জখম হয়েছে। ডান হাতের আঙুল কেটে গেছে। মুখে আঘাতের কারণে তিনটি দাঁত পড়ে গেছে। এখন নড়াচড়া করার মতো অবস্থাও নেই তার। কোনো মতে শুধু চোখ মেলে তাকাতে পারছেন।
চিকিৎসকদের বরাতে সিফাত জানিয়েছেন, নূপুরের পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাইরে করাতে হচ্ছে। এ জন্য অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হচ্ছে। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও যাতায়াত মিলিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হচ্ছে।
সিফাত বলেন, পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। নূপুরের চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানাচ্ছেন তাঁরা।
নূপুরের আয়ে চলত সংসার
নূপুরের বড় বোন লিজা আক্তার বলেন, তাঁরা ছয় ভাইবোন। নূপুর চতুর্থ। তাঁদের একমাত্র ভাইও স্ট্রোক করে চিকিৎসাধীন। পরিবার চালানো নূপুর নিজেই এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে। তাঁর চিকিৎসার খরচ জোগাড়ের পাশাপাশি সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।
লিজা জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকাল তাঁদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। তবে নূপুরের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন।
দীর্ঘ দিন নূপুরকে বিরক্ত করে আসছিলেন রায়হান
লিজা আক্তার জানান, নূপুর প্রায় তিন বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন। আগে রায়হানও তাঁর সঙ্গে সরদার অ্যাপারেলস নামের একটি কারখানায় কাজ করতেন। তখন থেকেই নূপুরকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন রায়হান। কিন্তু নূপুর তাতে রাজি হননি।
একপর্যায়ে রায়হানের বিরক্ত করা থেকে রেহাই পেতে নূপুর কারখানা পরিবর্তন করেন। নতুন করে কাজ শুরু করেন রূপনগরের ভিশন অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায়। কিন্তু এরপরও কর্মস্থলে যাওয়া-আসার পথে তাঁকে বিরক্ত করতেন রায়হান।
লিজা বলেন, ঘটনার এক সপ্তাহ আগে বিয়ের প্রস্তাব নিয়ে তাঁর কাছে আসেন রায়হান। তখন তিনি জানিয়ে দেন, আগামী ১১ ডিসেম্বর নূপুরের বিয়ে ঠিক হয়েছে। তাঁকে আর যেন বিরক্ত করা না হয়। এরপর কয়েক দিন রায়হানকে আর দেখা যায়নি। তবে গত বুধবার দুপুরে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে নূপুরের ওপর হামলা করেন তিনি।
প্রকাশ্য সড়কে এলোপাতাড়ি কোপ
গত বুধবার বেলা সোয়া একটার দিকে দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীদের সঙ্গে কারখানা থেকে বাসায় ফিরছিলেন নূপুর। রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ৫ নম্বর সড়কে পৌঁছালে পেছন থেকে এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন এক তরুণ।
আত্মরক্ষায় দুই হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করেন নূপুর। একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপরও তাঁকে কোপানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় ফেলে হামলাকারী পালিয়ে যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রকাশ্য সড়কে ওই তরুণকে নূপুরের ওপর হামলা করতে দেখা যায়।
গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভোলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। রূপনগর আবাসিক এলাকায় বড় বোন লিজার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় লিজা আক্তার বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেছেন।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমঘটিত কারণে নূপুরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। গ্রেপ্তার রায়হান ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।