ঢাকার যাত্রাবাড়ীতে সড়কে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কলেজশিক্ষার্থী, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

কলেজশিক্ষার্থী জসিম কুমার সাহার (২৪) বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। সিলেটে যাওয়ার কথা বলে গত শনিবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। বুধবার বিকেলে তাঁকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের বন্দরের কদম রসুল সরকারি ডিগ্রি কলেজে পড়তেন জসিম। তাঁর বড় ভাই অসীম সাহা প্রথম আলোকে বলেন, হোমনায় তাঁদের বাড়ি থেকে নারায়ণগঞ্জে গিয়ে সপ্তাহে এক দিন ক্লাস করতেন জসিম। গত শনিবার সকালে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন জসিম। মঙ্গলবার তাঁকে ফোন করে জানান, তিনি ঘুরে বেড়াচ্ছেন।

বুধবার অসীম সাহা খবর পান, তাঁর ভাই ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। খবর পেয়ে ওই ক্লিনিকে ছুটে যান তিনি। পরে সেখান থেকে ছোট ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন কি না, সে বিষয়ে কিছুই জানতে পারেননি অসীম সাহা।

খবর পেয়ে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, ছেলেটি পেটব্যথায় যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়কের পাশের বালুর ওপর বসে ছটফট করছিল। লোকজন তাকে পানি খাইয়েছিল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।’

এসআই কাওছার বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জসিমের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, জসিমের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।