মিরপুরে বাসা থেকে ৪ মাসের শিশুর লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে চার মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের শিশুর লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মো. ইয়াসিন নামের ওই শিশুর মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মিরপুর–১২ নম্বরের ওয়াসা স্টাফ কোয়ার্টারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী প্রথম আলোকে বলেন, ঘটনার সময় শিশুটির বাবা সাইফুল ইসলাম ও মা খালেদা বেগম বাসায় ছিলেন না। শিশুটির বাবা ওয়াসার পরিচ্ছন্নতাকর্মী ও মা গৃহিণী। তাঁরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় শিশুটির ছয় বছর বয়সী বড় ভাই বাসায় ছিল।
আহাদ আলী বলেন, শিশুটির মা–বাবা অসংলগ্ন কথা বলছেন। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুটিকে কে বা কারা হত্যা করেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।