এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় ইমনকে ফাঁসানো হচ্ছে, দাবি মায়ের

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত ইমনের মা সংবাদ সম্মেলন করেন। ১৮ জানুয়ারিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখমের ঘটনায় ইমন জড়িত নয় বলে দাবি করেছেন তাঁর মা ডা. সুলতানা জাহান। তিনি বলছেন, ১৫ আগস্ট জামিন পান ইমন। এরপর চিকিৎসা করাতে তিনি ডিসেম্বর থেকে ব্যাংককে অবস্থান করছেন। এ ঘটনায় তাঁকে ফাঁসাতে অহেতুক আসামি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমনের মা এসব দাবি করেন। তিনি অসুস্থ থাকায় তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিটন মিয়া নামে এক ব্যক্তি।

১০ জানুয়ারি রাতে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে বিপণিবিতানটির ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ এহতেশামুল হককে চাপাতি দিয়ে কোপায়। এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান নিউমার্কেট থানায় একটি মামলা করেন। ওয়াহিদুল আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের বড় ভাই।

সংবাদ সম্মেলনে ইমনের মা ডা. সুলতানা জাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইমন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়েন। এ জন্য একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে এবং বিনা বিচারে বছরের পর বছর তাঁকে জেল খাটতে হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে জামিনে বেরিয়ে গত ডিসেম্বর থেকে ইমন চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছে।

ইমনের মায়ের অভিযোগ, এলিফ্যান্ট রোড এলাকার ব্যবসায়ীদের (এলিফ্যান্ট রোড কম্পিউটার কল্যাণ সমিতি) নির্বাচনে সভাপতি পদে শুধু একটি ফরম বিক্রি হয়েছে। অন্য কাউকে ফরম কিনতে দেয়নি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। এর মধ্য দিয়ে তাঁর ভাই ওয়াহিদুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। মার্কেটটি নিজের দখলে রাখার জন্য ওয়াহিদুল এ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।

এসব অভিযোগের বিষয়ে ওয়াহিদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি কখনোই হেলালের পরিচয় দিয়ে ব্যবসা করি না। আমি কখনো মামলার আসামিও ছিলাম না। মার্কেটের পার্কিং দখল, অবৈধ দোকান বসানোর চেষ্টা, খাবার পানি, ইন্টারনেট ও ময়লা অপসারণের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল ইমনের লোকজন। তারাই ব্যবসায়ী এহতেশামকে কুপিয়েছে।’

পিচ্চি হেলাল ও ওয়াহিদুল হাসান সামাজিকভাবে ইমনকে হেয়প্রতিপন্ন করতে ফাঁসানোর ষড়যন্ত্রে করছে অভিযোগ করে সুলতানা জাহান এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

আরও পড়ুন