তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

গ্রেপ্তার ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর আদালত, ২৯ নভেম্বরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালিব নিহত হওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালিব নামের এক কিশোরকে হত্যা মামলায় এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন।

আজ রোববার দ্বিতীয় দফায় ১২ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এর আগে এ মামলায় সাঈদ খোকনকে প্রথম দফায় সাত দিনের এবং দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ওই রিমান্ডে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকেন।

আবেদনে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন। তাঁর নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তাঁর নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ ছাড়া সরকারের পতনের পর আত্মগোপনে থেকেও তাঁর নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। পলাতক শীর্ষ নেতা–কর্মীদের সঙ্গে তাঁর এখনো যোগাযোগ রয়েছে এবং সাঈদ খোকন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন।

সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে এবং তাঁর দেওয়া সাংঘর্ষিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এদিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানিতে তাঁরা বলেন, আসামি সাঈদ খোকন কোতোয়ালি, বংশাল, সূত্রাপুর অঞ্চলের সংসদ সদস্য ছিলেন। তাঁর আগে পল্টন যাত্রাবাড়ীসহ দক্ষিণ সিটির মেয়র ছিলেন। তাঁর বিরুদ্ধে জিগাতলায় নাশকতার যে অভিযোগ আনা হয়েছে, এটা একেবারেই সাজানো ঘটনা।

আসামিপক্ষের আইনজীবীরা আরও বলেন, ‘তিনি অসুস্থ ও হার্টের রোগী। আমরা তাঁর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি।’

শুনানির সময় সাঈদ খোকন হাত উঁচু করে কথা বলতে চান। তবে আদালত অনুমতি দেননি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। সাঈদ খোকনকে আবদুল মোতালিব হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।