নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিতভাবে কাজ চলছে: র‍্যাব ডিজি

একেএম শহিদুর রহমানছবি: র‍্যাবের কাছ থেকে পাওয়া

দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এ মন্তব্য করেন।

র‌্যাবের ডিজি বলেন, ‘অবৈধ ও পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। সশস্ত্র বাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ কমাতে কাজ করে যাচ্ছে।’

শহিদুর রহমান আরও বলেন, ‘আমরা সমন্বিতভাবে নির্বাচনের জন্য উপযুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরির জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠে আছি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য যে রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ প্রয়োজন, সে ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব।’

লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার

র‌্যাবের ডিজি বলেন, ১৭ আগস্ট কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল এবং ১০টি গুলি উদ্ধার করা হয়। পরে দেখা গেছে, পিস্তলটি মোহাম্মদপুর থানা থেকে লুট হয়েছিল। এ ছাড়া কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পিস্তলের গায়ে থাকা লেখা অপরাধীরা মুছে ফেলেছে।

শহিদুর রহমান আরও জানান, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান চলছে।

গাজীপুরে অভিযান জোরদার

র‍্যাবপ্রধান বলেন, অপরাধপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর মহানগর পুলিশ ও র‍্যাব সেখানে যৌথভাবে অভিযান জোরদার করছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

গত জুলাই ও আগস্টে র‍্যাব ৫৪টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় হত্যা মামলার ৪৪৬ জন আসামিও গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যাতন মামলার অনেক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শহিদুর রহমান জানান, র‍্যাব মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তিন দিন আগে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা বড়িসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ মাসে ১৫ লাখ ২৪ হাজার ইয়াবা বড়ি, দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। ৭৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের ডিজি জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর সশস্ত্র হামলা ও গোলাগুলির ঘটনায় পিয়াস, রিপন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. জামিল উদ্দিন মাসুম ও মো. হারুন।