মিরপুর বেড়িবাঁধের পাশের মাছের খামারে যুবকের ভাসমান লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর বেড়িবাঁধের পাশের একটি মাছের খামার থেকে শাকিল আহমেদ (২৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতে মিরপুর বেড়িবাঁধের পাশের মাছের খামারটিতে (বিশ্ব মৎস্যখামার) যায় পুলিশ।

খামারটি থেকে তারা শাকিলের ভাসমান লাশ উদ্ধার করে। অন্যদের সঙ্গে পিকনিক করতে মাছের খামারটিতে শাকিল গিয়েছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানাতে পেরেছে। তিনি (শাকিল) ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর বাড়িতে কাজ করতেন।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য শাকিলের লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ উদ্ধারের এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রূপনগর থানা-পুলিশের তথ্যমতে, শাকিল সপরিবার মিরপুর ১২ নম্বরের মোল্লার বস্তিতে থাকতেন। তিনি ৯ অক্টোবর থেকে ‘নিখোঁজ’ ছিলেন।