২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। গতকাল রাত পৌনে চারটার দিকেছবি: ভিডিও থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গত ২৪ ঘন্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকালের মধ্যে এসব ঘটনা ঘটেছে।

এদিকে গোপালগঞ্জে আজ পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর এই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে আগুনে জ্বলছে বাস। গতকাল সোমবার সন্ধ্যার পরে বাসটিতে আগুন দেওয়া হয়
ছবি: প্রথম আলো

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তাঁর দলের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার সন্ধ্যার পর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। এদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। তবে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ সারা দেশ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে ঘটনার পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। তিনি বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

১১ জেলায় গাড়িতে আগুন

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখারী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়।

ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার রাতে রাজধানীর ফার্মগেট, পল্লবী এলাকায় দুটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া গতকাল গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনি ট্রাকে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

ঢাকার ১৯ জায়গায় ককটেল বিস্ফোরণ

ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ,চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

রাজধানীর পল্লবী থানার ফটকে রোববার সন্ধ্যার পর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়
ছবি: সংগৃহীত

ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন প্রথম আলোকে বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানো হয়েছে।

আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে
ছবি: প্রথম আলো

চার জেলায় বাড়তি নজর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই চার জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোথাও যেন লোকজন জড়ো হয়ে বড় নাশকতা করতে না পারে সেজন্য সজাগ থাকতে বলা হয়েছে।

লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা যায়
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

গণগ্রেপ্তার না করার নির্দেশনা

আইজিপি আলী হোসেন ফকির আজ পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে সারা দেশের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা দেন। তবে গত আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন আইজিপি।

বৈঠকের পর তিন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আইজিপি তাঁদেরকে ‘কোয়ালিটি অ্যারেস্টের’ (প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার) কথা বলেছেন। নিরীহ লোকজনদের যেন হয়রানি করা না হয়, সেটা নিশ্চিত করতে বলেছেন।