জেনেভা ক্যাম্পের ‘শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারি’ সেলিম রিমান্ডে

অস্ত্র ও হেরোইন উদ্ধারের মামলায় রিমান্ড শুনানির জন্য শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।  ২২ আগস্ট ২০২৬ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ‘শীর্ষস্থানীয় মাদক কারবারি’ চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে (৪৫) তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার র‍্যাব-২-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের সেক্টর-৭-এর ব্লক-৫ এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে তল্লাশি করে ৭.৬৫ মিলিমিটার বিদেশি ১টি পিস্তল, ২টি গুলি, ২টি ম্যাগাজিন, ১১০ গ্রাম হেরোইন, ১টি মুঠোফোন ও ৪৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার পিস্তলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সেলিম। এ ঘটনায় গতকাল শুক্রবার মোহাম্মদপুর থানার এসআই সাজ্জাদ খান বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি সেলিম একজন দুষ্কৃতকারী। তাঁর বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা রয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত, আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপরাধের কৌশল সম্পর্কে তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আদালতকে আরও জানান, সেলিম রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও আধিপত্য বিস্তারের জন্য অবৈধ অস্ত্র নিজের কাছে রাখতেন।