এজাহার ছাড়া মামলা করল থানা-পুলিশ, তদন্তে গিয়ে বিপাকে পিবিআই
এজাহার (ঘটনার সারসংক্ষেপ) ছাড়া শুধু প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) ফরম পূরণ করে একটি মামলা করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা-পুলিশ। এজাহার ছাড়া এই মামলার তদন্ত করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের অভিযোগে শিশু আইন ২০১৩-এর ৭১ ধারায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানায় গত ১৯ নভেম্বর মামলাটি হয়। মামলাটি করেন এই থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম।
এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-৭-এর বিচারক ফেরদৌস আরা পাঁচলাইশ মডেল থানা-পুলিশকে মেয়েশিশুটির মায়ের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত মামলাটি পিবিআইয়ের একজন পরিদর্শককে দিয়ে তদন্ত করতে বলেন।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক মর্জিনা আক্তার। তিনি গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এজাহার ছাড়া শুধু একটি এফআইআর ফরম দিয়ে কীভাবে মামলা তদন্ত করব, বুঝতে পারছি না। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর পাইনি। এখন বিষয়টি আদালতকে অবহিত করব।’
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, এজাহার না থাকায় আসামি সুবিধা পাবেন। তদন্ত ব্যাঘাত হবে। বাদী পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বেকায়দায় পড়বেন। এতে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হবে। বাদী যে-ই হোক না কেন, যেকোনো মামলায় একটি এজাহার থাকবে। সেই এজাহারের আলোকে এফআইআর ফরম পূরণ করতে হয়।
ঘটনার শুরু চলতি বছরের ২৭ এপ্রিল। শিশুটির মা হোসনে আরা সেদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এ তাঁর সন্তান অপহরণের অভিযোগে নালিশি মামলা করেন।
নালিশি মামলায় বলা হয়, নগরের পাঁচলাইশ বদনাশাহ মাজারের সামনে থেকে তাঁর মেয়েকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
হোসনে আরা তাঁর নালিশি মামলায় রাশেদুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা আলী চৌধুরীকে আসামি করেন। এই দম্পতির বাসায় কাজ করত মেয়েটি।
মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর মেয়েটি গত ১ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের খাস কামরায় দুই পৃষ্ঠার জবানবন্দি দেয়।
আদালত সূত্র বলছে, মেয়েটি জবানবন্দিতে বলেছে, নগরের প্রবর্তক মোড়ের বদনাশাহ মাজার গেটে সে মায়ের সঙ্গে ভিক্ষা করত। বেশি ভিক্ষা পেতে হোসনে আরা তার (মেয়ে) পায়ে পলিথিন পেঁচিয়ে পুড়িয়ে ক্ষত করে দিতেন। ভিক্ষার টাকায় তিনি লুডু খেলতেন। ছোট ভাইয়ের চিকিৎসার জন্য হোসনে আরা গত বছরের ফেব্রুয়ারিতে তাকে (মেয়ে) একটি বাসায় কাজে দেন। পরে তাকে আবার ভিক্ষা করার জন্য নিয়ে আসতে চান। কিন্তু মেয়েটি তার মায়ের কাছে যেতে চায়নি।
তদন্ত শেষে পিবিআই চট্টগ্রাম মেট্রো উপপরিদর্শক (এসআই) মো. জাহেদুজ্জামান চৌধুরী গত সেপ্টেম্বর মাসে আদালতে প্রতিবেদন দেন।
প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে অপহরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে তাঁর মা ওই দম্পতির কাছে তুলে দেন। দম্পতির বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।
গত ২২ অক্টোবর প্রথম আলোর অনলাইনে ‘বেশি ভিক্ষা পেতে মেয়ের পায়ে পলিথিন বেঁধে পুড়িয়ে দিতেন তিনি: পিবিআই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আদালত পাঁচলাইশ থানা-পুলিশকে হোসনে আরার বিরুদ্ধে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের অভিযোগে মামলা করতে নির্দেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-৭-এর সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটির মায়ের করা অপহরণ মামলার সত্যতা পিবিআইয়ের তদন্তে পাওয়া যায়নি। এ কারণে মায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। শিশুটির আদালতে দেওয়া জবানবন্দি ও পিবিআইয়ের তদন্তে তাকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের বিষয়টি উঠে আসে। এ কারণে শিশুটির মায়ের বিরুদ্ধে মামলা করতে পাঁচলাইশ থানা-পুলিশকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
মামলার বাদী পাঁচলাইশ মডেল থানার এসআই নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে বলেছে, আমি সেভাবে করেছি। এজাহারের বিষয়টি জানি না।’
জানতে চাইলে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। এজাহার কেন করা হয়নি, তা খতিয়ে দেখছি।’
নগর পুলিশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি হয়েছে। মামলার বাদী পুলিশ। যেকোনো মামলায় এজাহার থাকতে হয়। এখানেও বাদীর (পুলিশ) এজাহার দেওয়া উচিত ছিল।
১১ বছর বয়সী শিশুটি বর্তমানে চট্টগ্রামের ফরহাদাবাদের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনকেন্দ্রে (সেফ হোম) রয়েছে।