নিউগিনি প্রপার্টিজে হামলায় গ্রেপ্তার বিকাশ তিন দিনের রিমান্ডে
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনায় গ্রেপ্তার বিকাশ চন্দ্র সরকারকে (৬০) তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রোববার রাতে মাগুরা থেকে বিকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এই মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।
গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়। সেদিন রাতেই ঘটনার বিবরণ দিয়ে সালমান একটি ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
ওই ঘটনায় হওয়া মামলার অভিযোগে বলা হয়, আনুমানিক ৫০ জনের একটি দল নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় ঢুকে আগ্নেয়াস্ত্র, রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালায়। এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।