থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের টাকাসহ আটক ১
বান্দরবানের থানচিতে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত এক ঠিকাদারকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ঠিকাদারের নাম মো. আমু হোসেন (৫০)। এ সময় মুক্তিপণের তিন লাখ টাকা উদ্ধার এবং মাংলে ম্রো নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, মাংলে সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার থানচি উপজেলায় উন্নয়নমূলক নির্মাণকাজ করার সময় আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা তাঁর জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে মুক্তিপণ দিতে বাধ্য হন।
অপহরণের খবর পেয়ে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় অভিযানে নামে বিজিবি। ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল অপহরণকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে।
পরে গভীর রাতে থানচির পাহাড়ি এলাকা বিদ্যামনিপাড়ায় অভিযান চালিয়ে আমু হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অভিযান চলাকালে মাংলে ম্রোকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মুক্তিপণের তিন লাখ টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
বিজিবি আরও জানিয়েছে, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। থানচির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গেও নিয়মিত তথ্য আদান-প্রদান চলছে।