গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর গ্রেপ্তার
গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার বিকেলে রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সন্ধ্যায় ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মশিউরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
মশিউর তাঁর ভাই মাসুম হাওলাদারের সঙ্গে মহানগর প্রজেক্ট এলাকায় থাকতেন। আজ সন্ধ্যায় মাসুম হাওলাদার প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন বাসায় আসেন। তাঁরা গণ অধিকার পরিষদের কার্যালয় দেখানোর কথা বলে তাঁকে (মশিউরকে) বাসা থেকে ডেকে ২ নম্বর ফটকের কাছে নিয়ে যান। এ সময় তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মশিউরকে গাড়িতে তোলেন।
মাসুম হাওলাদার আরও বলেন, মশিউরকে আটক করার কারণ জানতে চাইলে বলা হয়, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর বিভিন্ন দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেছে তিনি (মশিউর)। সে কারণে তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।