মোহাম্মদপুরে ডাকাত দলের ৫ জন র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

গ্রেপ্তার পাঁচজন হলেন মো. নিয়ামুল শরীফ (৩০), মো. রাকিব (১৯), মো. পিয়াল মোল্লা (২০), মো. মুন্না (১৯) ও মো. ইসাহক (২৭)।

র‍্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, তেজগাঁও, ধানমন্ডি ও ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল।

এতে ধরা পড়ে, গ্রেপ্তার ব্যক্তিরা ছোট দলে বিভক্ত হয়ে কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের টাকা, মুঠোফোন-ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিস ছিনতাই করেন। আর গভীর রাতে অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে যাত্রী ও চালকের সবকিছু লুট করে নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা উদ্যান, বছিলা, ফার্মগেট ও কারওয়ান বাজার ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ‘হটস্পট’।

মোহাম্মদপুর থানায় মামলা করার পর গ্রেপ্তার পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।