ধর্ষণের অভিযোগে মামলা, ক্রিকেটার তোফায়েলের জামিন আবেদন মঞ্জুর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এর বিচারক মো. আবদুল মোক্তাদিরের আদালতে আত্মসমর্পণ করে তোফায়েল জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৯ মার্চ ধার্য তারিখ পর্যন্ত ১০ হাজার টাকায় মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।
সম্প্রতি গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম এ মামলায় তোফায়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোফায়েল ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন।
তোফায়েল আহমেদ বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়।
গত বছরের ১ আগস্ট ওই নারী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে এই জামিন শেষ হওয়ার আগেই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।