যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে আটক যুবককে পিটিয়ে হত্যা

গণপিটুনিপ্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে পিটুনির দেওয়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাৎক্ষণিক নিহত যুবকের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল পুরোনো ও ময়লাযুক্ত কাপড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবককে নিয়ে আসা অটোরিকশাচালক ইসরাফিল জানান, যাত্রাবাড়ী বাসস্টেশন এলাকায় এক নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবক হাতেনাতে ধরা পড়েন। পরে ওই নারী তাঁকে চড়-থাপ্পড় দিয়ে চলে যান। এরপর সেখানে উপস্থিত লোকজন ওই যুবককে পিটুনি দেন বলে তাঁরা জানতে পারেন।

ইসরাফিল বলেন, পরে সেখানকার লোকজন অটোরিকশায় করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর এক নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে তাঁরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর বিকেল ৪টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।