শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. ফরিদ। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৩ জুলাই জেলার পটিয়ায় মো. ফরিদ প্রতিবেশী ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। তখন শিশুটি বাসায় একা ছিল। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামি ফরিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ২২ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।