চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালককে মারধরের ঘটনায় দুই দফা সময় বাড়ানোর পরও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। কমিটিকে প্রথমে সাত কর্মদিবস, এরপর আবারও সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছিল। আজ সোমবার ঘটনার ২২তম দিন। এখনো তদন্ত প্রতিবেদন হাতে পাননি বলে জানিয়েছেন সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ।
কাজ না পেয়ে সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে গত ২৯ জানুয়ারি বিকেলে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে তাঁর কক্ষে ঢুকে মারধর করেন একদল ঠিকাদার। মারধরের ঘটনায় সেদিন রাতে নগরের খুলশী থানায় মামলা হয়। এই ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দিন রাতেই সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিটি করপোরেশন। কমিটির অপর দুই সদস্য হলেন সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর ও ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মনীষা মহাজন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
ঘটনার ২২ দিন পার হলেও নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা প্রসঙ্গে কমিটির প্রধান সৈয়দ শামসুল তাবরীজ প্রথম আলোকে বলেন, এই ঘটনায় অন্তত ৫০ জনের সাক্ষাৎকার নিতে হয়েছে। তাঁদের কয়েকজন ছুটিতে ছিলেন। তাঁদের বক্তব্য নিতে অপেক্ষা করতে হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়েছে। আবার হামলার শিকার প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী অফিসে আসছেন না। মুঠোফোনে ও মেইলের মাধ্যমে তাঁর বক্তব্য নিতে হয়েছে। এসব কারণে সময় লেগেছে।
সৈয়দ শামসুল তাবরীজ বলেন, মূলত তদন্তে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, সে জন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। তবে কাজ প্রায় শেষ। আরেক দফা যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদনে কী পাওয়া গেছে বা সুপারিশ করা হবে, তা বলতে রাজি হননি তিনি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তদন্ত কমিটির কার্যপরিধি হিসেবে পাঁচটি বিষয় রয়েছে।
প্রথমটি হলো ঠিকাদার কর্তৃক সংগঠিত ঘটনায় সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা। অপর চারটি বিষয় হলো সংগঠিত ঘটনায় কোন কোন ঠিকাদার জড়িত ছিলেন ও ঘটনার কারণ উদ্ঘাটন। এতে সিটি করপোরেশনের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা খুঁজে বের করা। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে। আর সিটি করপোরেশনের নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।
সিটি করপোরেশনের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায় গত বছরের ৪ জানুয়ারি। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ প্রকল্পের পরিচালক হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে গত বছরের ১৪ আগস্ট দায়িত্ব দেওয়া হয়।
প্রকল্পের তৃতীয় পরিচালক গোলাম ইয়াজদানী। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
গোলাম ইয়াজদানীর আগে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব এই প্রকল্পের পরিচালকের দায়িত্বে ছিলেন।
গোলাম ইয়াজদানী আসার পর ২২০ কোটি টাকা ব্যয়ে ৩৭টি ভাগের (লট) উন্নয়নকাজে ঠিকাদার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। বর্তমানে এই ঠিকাদার নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই কাজ না পাওয়া ঠিকাদারেরা ২৯ জানুয়ারি দল বেঁধে গোলাম ইয়াজদানীর কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর করেন।