ডিএমপির সাঁড়াশি অভিযানে ৩৯ চাঁদাবাজ গ্রেপ্তার
রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের তালিকা ধরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৩৯ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার এন এম নাসিরুদ্দিন প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মিলে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন ৭ জন এবং তালিকার বাইরের রয়েছেন আরও ৩২ জন। এ ছাড়া ১৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার গতকাল রোববার সাংবাদিকদের জানান, রাজধানীজুড়ে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, গত ৪৮ ঘণ্টার অভিযানে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও তাঁদের ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ১ মে এই অভিযান শুরু হয়েছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের অংশ হিসেবে ডিএমপি চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অপরাধীদের মূল উৎপাটন করে নগরবাসীকে স্বস্তি দেওয়া ও মহানগরীকে আরও নিরাপদ করতে এ অভিযান জোরদার করা হয়েছে।