গাইবান্ধার হরিদাস ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় রিমান্ড শেষে কারাগারে

শুনানি শেষে নিয়ে যাওয়া হচ্ছে হরিদাস চন্দ্রকে। ১০ সেপ্টেম্বরছবি: প্রথম আলো

ফ্ল্যাট দেওয়ার নামে প্রায় ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা প্রতারণার মামলায় দুই দিনের রিমান্ড শেষে হরিদাস চন্দ্র তরণী দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উঁচু রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

রিমান্ড শেষে সোমবার হরিদাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাঁকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ফ্ল্যাট প্রতারণার এ মামলায় ১০ সেপ্টেম্বর আদালত হরিদাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর আগে গত ২৪ আগস্ট বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহবুবুর রহমান বাদী হয়ে হরিদাস চন্দ্র তরণী দাস ও ওবায়দুল ইসলাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার মামলাটি করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ফ্ল্যাট দেওয়ার কথা বলে বাদী মাহবুবুর রহমানের কাছ থেকে ৭৫ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন আসামিরা।

এর আগে গত ১২ জুলাই ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থ পাচারের অভিযোগে হরিদাসসহ কয়েকজনের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক সাইফুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় মামলা করে। ওই রাতেই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি মন্দির এলাকা থেকে হরিদাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই মামলায় রিমান্ড শেষে ১৬ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। এর পর থেকেই তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন