রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। পুরো প্রক্রিয়া হোয়াটসঅ্যাপে সমন্বয় করছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
গ্রেপ্তার তিনজন হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)।
সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পাওয়া যায়। সম্প্রতি নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের এক নেতার ছড়িয়ে পড়া অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। ওই অডিওতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা উঠে আসে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়।
যেভাবে ঢাকায় আনা হয় গানপাউডার
মামুনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঢাকার মিরপুরসহ বিভিন্ন এলাকার সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করেন মামুন।
ডিবি জানায়, মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের জন্য গানপাউডার ঢাকায় নিয়ে আসেন মামুন। পুরো প্রক্রিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা।
বাথরুমে কার্যকারিতা পরীক্ষা
শফিকুল ইসলাম বলেন, মামুনের মুঠোফোন থেকে গানপাউডার কোথায় কোথায় বিতরণ করা হবে, সে বিষয়ে কথোপকথনের কিছু ভয়েস রেকর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গানপাউডার আনার পর এর কার্যকারিতা যাচাই করতে একটি বাথরুমের ভেতরে বিশেষ উপায়ে পরীক্ষা চালানোর ভিডিও চিত্রও পাওয়া গেছে।
ওই ভিডিও চিত্রে দেখা গেছে, একটি বাথরুমের মধ্যে গানপাউডার রাখা হয়েছে। পরে একটি গ্যাস লাইটার দিয়ে তাতে আগুন লাগানো হচ্ছে। মুহূর্তেই গানপাউডার রাখার স্থানটি দাউ দাউ করে জ্বলে উঠছে।
ডিবির এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ও মেঘলা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁরা ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কথাও জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদে ওই দুজন আরও জানিয়েছেন, এর আগেও দুই থেকে তিনবার গানপাউডার সরবরাহ করেছেন তাঁরা। একজন নেতার ফোন পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় গিয়ে এসব সরবরাহ করা হতো। তবে তদন্ত শেষ না হওয়ায় ওই নেতার নাম প্রকাশ করছে না ডিবি।
৭৯টি ককটেল বিস্ফোরণ, ১০ বাসে আগুন
সংবাদ সম্মেলনে রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পরিসংখ্যানও তুলে ধরেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, নভেম্বরের প্রথম ১৬ দিনে রাজধানীতে ৭৯টি স্থানে ৮৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় ৭৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৩০ জনকে। এ ছাড়া ৫২টি ককটেল উদ্ধার করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, গত মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ছিল ১১টি। ওই মাসে কোনো লকডাউন কর্মসূচি ছিল না। চলতি মাসে দুটি লকডাউন কর্মসূচি থাকায় এ ধরনের নাশকতামূলক তৎপরতা বেড়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত ১৬ দিনে রাজধানীতে ১০টি বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০টি মামলা হয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে।
লকডাউন ঘিরে বাড়তি প্রস্তুতি
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া ব্লক রেড ও চেকপোস্ট কার্যক্রম চলছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত আছে।
শফিকুল ইসলাম আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচারও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব কর্মসূচির সত্যতা যাচাই করে নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।