‘ডার্ক ওয়েব’ থেকে তথ্য নিয়ে ক্রেডিট কার্ড হ্যাকে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার চাঁদপুরে অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
ডিবি বলছে, গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে রনি ও মো. মাজহারুল ইসলাম ওরফে শাকিল। দুই হ্যাকার সম্পর্কে শালা-দুলাভাই।
শহীদুজ্জামান ও মাজহারুলকে গ্রেপ্তারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে ডিবি। তারা বলছে, এম এ আহসানুল বারী নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই হ্যাকারকে গ্রেপ্তার করা হয়। আহসানুল বারী জার্মানিতে অবস্থিত কারকন কার্গো লিমিটেড নামের একটি কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি। ডার্ক ওয়েব থেকে তথ্য নিয়ে তাঁরা কোম্পানির অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
ডার্ক ওয়েব হলো ইন্টারনেট জগতে অবৈধ বা অপরাধ কর্মকাণ্ডের মার্কেটপ্লেস।
ডিবি বলছে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে।
জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, দুজনই হ্যাকার। তাঁরা ডার্ক ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে অপরাধমূলক কাজ করতেন। ক্রেডিট কার্ড হ্যাক করতেন।