১০ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডবের ঘটনায় করা পাঁচ মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে তিনটি মামলার বিচারকাজ স্থগিত হয়ে আছে। বাকি দুটি মামলার সাক্ষীরা আদালতে না আসায় বিচারকাজ এগোচ্ছে না। এত দিনেও বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাণ্ডবের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা।
২০১৩ সালের ১১ এপ্রিল ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডব চালানো হয়। এ সময় তিন নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁরা হলেন—ফটিকছড়ি স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সভাপতি ফারুক ইকবাল, ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ফোরকান। হামলায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। সেদিন দুর্বৃত্তরা দেড় শতাধিক মোটরসাইকেল, পাঁচটি মাইক্রোবাস-প্রাইভেট কার, তিনটি পিকআপ, চারটি চাঁদের গাড়ি ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দেয়।
তাণ্ডবের ঘটনায় ভুজপুর থানায় পাঁচটি মামলা হয়। এর মধ্যে তিনটি হত্যা মামলা। আর বিশেষ ক্ষমতা আইনের মামলা দুটি।
৫ মামলায় মোট ১৬ হাজার ৪৭১ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাতনামা।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ভুজপুর থানা জামায়াতের তৎকালীন আমির শফিউল আলম নুরী ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির হাবিব আহমেদ।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ফারুক, রুবেল ও ফোরকান হত্যার ঘটনায় ৩ মামলায় ৬২৩ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় ভুজপুর থানা-পুলিশ। অভিযোগপত্রভুক্ত আসামিদের বেশির ভাগই ছিলেন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
তিন হত্যা মামলায় পুলিশের দাখিল করা তিনটি অভিযোগপত্রের বিরুদ্ধেই নারাজি দেন মামলার বাদীরা। মামলার তদন্তে ত্রুটি থাকার কথা বলে তাঁরা আদালতে এই নারাজি দেন।
পরে আদালত বাদীদের নারাজি আবেদন গ্রহণ করেন। হত্যা মামলা তিনটি পুনঃতদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।
তদন্ত শেষে তিন হত্যা মামলায় ২৭৮ জনকে আসামি করে সিআইডি গত বছরের শুরুতে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলা তিনটি চাঞ্চল্যকর হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানো হয়। কিন্তু মামলার আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন। এ কারণে তিনটি মামলার বিচারকাজ প্রায় সাত মাস ধরে স্থগিত রয়েছে।
১০ বছরেও বিচারকাজ শেষ না হওয়ায় হতাশ ফারুকের স্ত্রী সানজিদা আফরিন। তিনি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘কবে বিচার শেষ হবে, জানি না।’
রুবেলের মা শামসুন্নাহার ও ফোরকানের মা ফেরদৌস বেগমও প্রথম আলোর কাছে তাঁদের হতাশা প্রকাশ করেন।
একই ঘটনায় পুলিশের ওপর হামলা ও ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়ে ক্ষতিসাধনের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। এই মামলা দুটি এখন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। দুই মামলায় ৯৯ জন করে সাক্ষী রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ছয়জনের সাক্ষ্য হয়েছে। সাক্ষীরা না আসায় বিচারকাজ এগোচ্ছে না বলে আদালত সূত্রে জানা গেছে।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ গতকাল প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ থাকা হত্যা মামলা তিনটি চালুর উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে ঈদের পর তালিকা দেওয়া হবে। বাকি দুটি মামলায় ধার্য দিনে সাক্ষীদের হাজির করে দ্রুত বিচারকাজ শেষ করার চেষ্টা রয়েছে।
ঘটনার দিন হামলায় আহত হয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হোক, দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’