বগুড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই তরুণের নাম শরিফ উদ্দিন (২২)। তিনি একই উপজেলার বাসিন্দা। এর আগে গতকাল রাতে এক নারী বাদী হয়ে শরিফ উদ্দিনের বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের কথা বলে ১০ সেপ্টেম্বর সকালে শরিফ উদ্দিন মামলার বাদী ওই নারীকে ধর্ষণ করেন। এরপর ওই নারী শরিফকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা করেন। ওই ঘটনার পর শরিফ ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে গতকাল রাতে ওই নারী থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বলেন, মামলার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শরিফ উদ্দিন পালানোর চেষ্টা করেন। পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতেই তাঁকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার বলেন, ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য আজ সোমবার সকাল ৯টার দিকে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে শরিফ উদ্দিনকে আজ আদালতে পাঠানো হবে।