প্রেমের কথা বলে প্রতারণার অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৩, আরেক নারী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা থেকে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই নারীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন ওই চক্রের প্রধান কলেজছাত্রী, তাঁর বান্ধবী ও মো. মুসলিশ উদ্দিন মুন (২২)। এ ঘটনায় আরও এক নারী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, গ্রেপ্তার  নারী রূপনগর সরকারি কলেজের শিক্ষার্থী। চক্রের মূল হোতা ওই নারী ও তাঁর বান্ধবী।  আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিলেন।  তাঁরা বিভিন্ন ভুয়া আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করতেন। এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে নিয়ে আসতেন। মিরপুরে বাসায় আগে থেকেই চক্রের বাকি তিনজন উপস্থিত থাকতেন। বাসায় ঢোকামাত্র ওই ছেলেকে মারধর করে নগ্ন করে ভিডিও করা হতো। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, এই চক্রের সদস্যরা একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করেন। ওই ব্যক্তি পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।