চকবাজারের বৃদ্ধকে কি ডাকাতেরা মেরে ফেলল, পরিবার ও পুলিশের ভিন্ন কথা
রাজধানীর চকবাজারে খাজা দেওয়ান লেনের একটি বাড়িতে হাজী মুনসুর আলী (৭০) নামের এক ব্যক্তিকে ডাকাত দল হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। তাঁর লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তবে প্রাথমিক তদন্তে এমন দাবির সত্যতা পায়নি বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।
মুনসুর আলীর ছেলে সারোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসার লোকজন একটি অনুষ্ঠানে যান। তাঁর বাবা অসুস্থ থাকায় বাসায় ছিলেন। দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজা বন্ধ পান।
ভেতরে প্রবেশ করে দেখেন তাঁর বাবার হাত-পা বাঁধা। মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। বাসার সবকিছু এলোমেলো। পরে মুনসুর আলীকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারোয়ার আহমেদের ভাষ্য, তাঁর বাবাকে হত্যা করে অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে হত্যাকারীরা। তবে অর্থ ও স্বর্ণালংকার লুটের পরিমাণ তিনি জানাতে পারেননি।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। ডাকাতির কোনো তথ্য বা আলামত এখনো পাওয়া যায়নি। যাঁরা বলছেন, তাঁদের জিজ্ঞাসা করেন।